
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 January 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এবার ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। বৃহস্পতিবার সেখান থেকেই এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, কম্বলে মোড়া ছিল ওই যুবকের মৃতদেহ।
রোজ সকালে বহু মানুষ রবীন্দ্র সরোবরে হাঁটতে যান। এদিনও গেছিলেন। তাঁদের মধ্যেই কেউ প্রথম কম্বলটি লক্ষ্য করেন। একটু কাছে যেতেই বুঝতে পারেন তার ভিতরে মৃতদেহ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তবে কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, ওই যুবককে অনেক সময়ই রবীন্দ্র সরোবরে আসতে দেখেছেন কেউ কেউ। তবে তাঁর পরিচয় জানেন না তাঁরা। যুবকের বয়স ৩৫ বা কিছু বেশি হবে। তাঁকে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
এদিন স্টেডিয়ামের নীচের বারান্দায়, কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা গেছিল যুবককে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে সে ঘটনা স্টেডিয়ামের মধ্যেই ঘটেছে না অন্য কথাও তাকে খুন করে দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে।
ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট হতে পারে। খুনের প্রসঙ্গ উঠলেও যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাই ময়নাতদন্তের রিপোর্টই এখন সব খোলসা করতে পারে।