
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 10 April 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: কসবার ডিআই অফিসে চাকরিহারাদের (Jobless Teachers) অভিযানে 'পুলিশি অত্যাচার' হয়েছে, এসএসসি ভবনের (SSC) সামনে অনশনরত চাকরিহারাদের ওপরও 'হামলা' হতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayay)। এদিন সকাল ১১টা থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা। আপাতত একজন শিক্ষক অনশনে বসেছেন। কিন্তু অভিজিতের ধারণা, এখানেও ঝাঁপিয়ে পড়তে পারে পুলিশ!
চাকরিহারাদের অবস্থানে গেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরু থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার এবং বুধবার দু-দিনই এসএসসি ভবনে গেছিলেন অভিজিৎ। চাকরিহারাদের দাবি মতো ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানান তিনি। যদিও এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত এসএসসি-র তরফে না নেওয়ায় চাকরিহারাদের একাংশ অনশন শুরু করেছেন।
এদিন সকালে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি ভবনের সামনে গেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ও। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, 'এখানেও পুলিশ ঝাঁপিয়ে পড়তে পারে। তবে ভয় পেয়ে সরে গেলে চলবে না। লড়ে যেতে হবে। আমরা সবাই একসঙ্গে লড়ব।' প্রসঙ্গত, এর আগে চাকরিহারাদের একটা অংশ যখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন তখন অভিজিৎ স্পষ্টত বলেছিলেন, আন্দোলন না করলে ডুবে মরতে হবে। এসএসসি ভবনের সামনে গিয়ে চাকরিহারাদের আবারও সেটাই বোঝাতে চাইলেন বিজেপি সাংসদ।
প্রসঙ্গত, বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে চাকরিহারাদের। শুধু তাই নয়, লাথি, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি এবং অন্যদিকে পুলিশি প্রহারের বিরোধিতায় অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, এমনটাই জানান চাকরিহারাদের একাংশ। তাঁদের বক্তব্য, এসএসসি বলেছে যে তাঁদের কাছে মিরর ইমেজ আছে, আর তাঁরা তা প্রকাশ করতে পারে। কিন্তু কবে করবে, আদৌ করবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তাই যতদিন না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, ততদিন অনশন চলবে বলে জানিয়েছেন চাকরিহারারা।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনও এসএসসি ভবনের সামনে থেকে জানিয়েছেন, তাঁরা আবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আলোচনার চেষ্টা করছেন। মিরর ইমেজ যে প্রকাশ করা যায় তা স্পষ্ট। কিন্তু কেন এখনও করা হচ্ছে না, সেই প্রশ্নই করবেন তাঁরা। তবে একান্তই তা প্রকাশ না করা হলে আগামী সময়ে আরও বড় পদক্ষেপের কথা তাঁরা ভাববেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।