
ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি (BJP)। বুধবার সেই মিছিলের (Rally) ডাক দেওয়া হয়েছে। তবে অভিযোগ, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা দায়রের অনুমতি দিয়েছেন।
ভুয়ো ভোটার ইস্যুতে এখন সরগরম রাজ্য। বিজেপির অভিযোগ, তৃণমূল আদতে এমন অভিযোগ তুলে তাদের দলের ভোটারদের নাম বাদ দিতে চাইছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদেই মিছিল করতে চেয়েছে বিজেপি। বুধবার দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল তারা পুলিশের থেকে। কিন্তু তা না মেলায় হাইকোর্টে গেছে বিজেপি। বুধবারই এই মামলার শুনানি।
এদিকে মঙ্গলবারই অন্য একটি ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। তিনি মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে আদালতে গেছেন। এই মামলাতেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে মিছিলের অনুমতি চেয়েও মামলা করেছে বিজেপি।
ক'দিন আগেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেবারও পুলিশের অনুমতি না পেয়েই আদালতে যেতে হয়েছিল তাদের। এমনিতেই বিজেপি অভিযোগ করে আসে যে, তাঁরা যে কোনও কর্মসূচি করতে চাইলেই পুলিশ বাধা দেয়, অনুমতি দেয় না। ফলে কোনও উপায় না দেখেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়।
বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, কর্মসূচিতে এক হাজারের বেশি লোক রাখা যাবে না। দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত ২৫টি মাইক নিয়ে কর্মসূচি করা যাবে। এবার বুধবার মিছিল নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই দেখার।