
আটক লকেট চট্টোপাধ্যায় - নিজস্ব ছবি
শেষ আপডেট: 7 April 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে বিজেপি প্রস্তুতি নিয়েছিল 'কালীঘাট চলো' অভিযানের (Kalighat Chalo Abhijan)। তবে সেই কর্মসূচি শুরু হওয়ার মুখেই আটক হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এক্সাইড মোড় থেকে তাঁকে আটক করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলায় ২৬ হাজার জনের চাকরি যাওয়ার প্রতিবাদে 'কালীঘাট চলো' অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। সেখানে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, লকেট চট্টোপাধ্যায়ের। সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তাঁদের আটক করে।
পদ্মশিবিরের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরে পুলিশি মোতায়েন চোখে পড়ার মতো ছিল। বিশেষত, এক্সাইড মোড়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। বোঝাই যাচ্ছিল এই এলাকা থেকে মিছিল এগোতে দেবে না পুলিশ। হলও তাই। লকেটরা ওই চত্বরে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে কার্যত বচসাও হয় তাঁদের। তারপর পুলিশ আটক করে লকেট সহ একাধিকজনকে।
২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে কোনও সময় নষ্ট না করেই বিক্ষোভ শুরু করেছে বিরোধী রাজনৈতিক শিবির। রাস্তাতেও নেমে পড়েছে। জেলায় জেলায় কর্মসূচি শুরু হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিহারাদের সঙ্গে বৈঠকের দিনই বিজেপির 'কালীঘাট চলো' কর্মসূচি যে রাজ্যের রাজনৈতিক পারদ আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে নেতাজি ইনডোর থেকে চাকরিহারাদের সাফ কথা, কারা কতটা তাঁদের পাশে রয়েছেন তা বোঝাতে সর্বদল বৈঠক করতে হবে তাঁদের।
চাকরিহারাদের একাংশের সাফ বক্তব্য, তাঁরা অপরাধী নন তাই অপরাধের দায়ও নেবেন না। আর তাঁদের সমস্যার সমাধান শুধু রাজ্য সরকার বা শাসক দলকেই নয়, সব রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে করতে হবে। সেই কারণেই সর্বদল বৈঠকের দাবি জানিয়েছেন চাকরিহারারা। নেতাজি ইনডোরের সভামঞ্চ থেকে তাঁদের আহ্বান, সত্যিই যদি সকলে যোগ্য চাকরিহারাদের প্রতি সহমর্মী হন তাহলে সর্বদল বৈঠক ডাকুন। তাঁরা কী বলতে চাইছেন, কীভাবে পাশে থাকতে চাইছেন, সেটাও দেখার বিষয় হবে।