
সজল ঘোষ
শেষ আপডেট: 22 November 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ভর সন্ধেয় গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনা নিয়ে শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কথা বলতে গেলে বিজেপির কাউন্সিলর সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টির প্রতিবাদ করে পুরসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন সজল এবং তাঁর সঙ্গে থাকা অন্য বিজেপি কাউন্সিলররা।
সুশান্ত ঘোষের ঘটনায় শহর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। শুক্রবার গোটা বিষয় নিয়েই বক্তব্য রাখতে চেয়েছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কিন্তু কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সেই নিয়ে কথা শুরু করলেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে দাবি।
সজল জানিয়েছেন, সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনাকে তুলে ধরে রাজ্যের বর্তমান অবস্থার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় তাঁর মাইক বন্ধ করে দেন। শুধু তাই নয়, তাঁর বক্তব্যকে এক্সপাঞ্জ করার নির্দেশও দেন। সজলের আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে শাসক দলের কাউন্সিলররা হই-হট্টগোল করে তাঁর বক্তব্যকে থামানোর চেষ্টা করে।
পুরসভার এই ঘটনা নিয়ে নতুন করে শাসক দলকে বিঁধেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, পুলিশ এবং গোয়েন্দা ব্যর্থতার কারণে আগেই একাধিক শাসক দল ও বিরোধী দলের নেতা ও বিধায়কদের মৃত্যু হয়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলররাও এই মুহূর্তে আর নিরাপদ নন। অথচ শাসক দলের মাথার বিরুদ্ধে যে আঙ্গুল তুলছে বা পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হচ্ছে, তাঁকে দমিয়ে রাখার চেষ্টা হয়ে চলেছে। সজলের খোঁচা, শাসক 'উলঙ্গ রাজা'র মতো ব্যবহার করছে।
বৃহস্পতিবার আবার অন্য এক তৃণমূল কাউন্সলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে গেছিল। তিনবার তাঁর বাড়িতে যায় সে। যদিও সে সময়ে কাউন্সিলর বাড়ি ছিলেন না। পরে ওই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা ঘিরেও আতঙ্ক ছড়িয়েছে।