
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 April 2025 22:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ এপ্রিল সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যাবেন বলেই নবান্ন থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেদিনই পাল্টা কর্মসূচির ঘোষণা করেছে বিজেপি (BJP)। সোমবার 'কালীঘাট চলো'র (Kalighat Chalo) ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির যুব মোর্চা জানিয়েছে, কলকাতায় মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবে তাঁরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর হতাশায় ভেঙে পড়ার ছবি দেখা যাচ্ছে। তাঁরাই ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সভা ডেকেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁর বার্তা ছিল, 'আমি জানিয়েছি, তাঁদের সভায় যাব। তবে বলছি, মানসিক চাপ নেবেন না, ধৈর্য্য হারাবেন না।' একই সঙ্গে প্রশ্নও তোলেন, কেউ যদি ভালমন্দ করে বসেন, তার দায় কার?
তৃণমূল বিরোধীরা অবশ্য কোনও সময় নষ্ট না করেই বিক্ষোভ শুরু করেছে। রাস্তাতেও নেমে পড়েছে। জেলায় জেলায় কর্মসূচি শুরু হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাকরিহারাদের কথা শুনতে যাবেন নেতাজি ইনডোরে তখন বিজেপির 'কালীঘাট চলো' কর্মসূচি যে রাজ্যের রাজনৈতিক পারদ আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তো স্পষ্ট জানিয়েছেন, সরকার বিরোধী স্লোগান, পোস্টারে শহর ভরিয়ে দেবেন সেদিন।
সুপ্রিম কোর্টের রায় শোনার পর মমতার বক্তব্য ছিল, তিনি এই রায় মানতে পারছেন না। সম্প্রতি এক বিচারপতির বাড়ি থেকে নগদ ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। সেই বিচারপতিকে বদলি করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, চাকরিহারাদের বদলিও করা যেতে পারত। আর চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, 'যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের কেউ গৃহঋণ নিয়ে রেখেছেন, কেউ গাড়ির জন্য ঋণ নিয়েছেন, কারও সন্তান ভাল স্কুলে পড়ে, কারও মায়ের শরীর খারাপ। এতগুলো মানুষের ভার কে নেবে? কেউ যদি ভালমন্দ করে বসেন, তার দায়ই বা কার? আমরা চাই না একটা কোনও ঘটনাও ঘটুক।'
বিরোধী একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অবশ্য মমতা সরকারকেই দায়ী করা হয়েছে এই গোটা পরিস্থিতির জন্য। তাঁদের স্পষ্ট মত, সরকারই দুর্নীতি করেছে তাই সব দায় তাঁদেরই নিতে হবে।