
স্মরণসভায় বলছেন বিমান বসু
শেষ আপডেট: 3 October 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার প্রমোদ দাশগুপ্ত ভবন কর্মী-সমর্থকে ভরা। গণসঙ্গীত দিয়ে শুরু হল সীতারাম ইয়েচুরির স্মরণ সভা। সিপিআই(এম) রাজ্য কমিটির ডাকে সভার শুরুতেই নীরবতা পালন করা হয়। তারপরই বক্তব্য রাখেন বিমান বসু।
রাজনীতির সতীর্থকে মনে রেখে এদিনের স্মরণসভা থেকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে বিমান বললেন, 'রাজনৈতিক কার্যকলাপে সময় ব্যয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। কমরেড সীতারামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তখনই হবে যখন, এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি মানুষকে যুক্ত করা যাবে। দেশের অভ্যন্তরে হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী আস্ফালন চলছে তা থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে আরও বেশি রাজনৈতিক কার্যকলাপে সময় ব্যয় করতে হবে। তার মধ্যে দিয়েই কমরেড সীতারাম ইয়াচুরির স্মৃতির প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে।'
তিনি আরও বলেন, 'যখন দেশের অভ্যন্তরে উগ্র ফ্যাসিবাদী, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠছে, তখন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে, সমস্ত শক্তি দিয়ে লড়াই সংগ্রামের ক্ষেত্রে কোনও দিন ইয়েচুরির কোনও অসুবিধা হয়নি। রাজনৈতিক বিশ্লেষণ, ব্যাখ্যা দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোহিমা পর্যন্ত ইন্ডিয়া ফ্রন্ট তৈরিতে কোনও ত্রুটি রাখেননি।'
পুজোর আগেই দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ-সভা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলার সিপিএম। সেই মতোই কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে আজ স্মরণসভা হচ্ছে। দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর ইয়েচুরির স্মরণসভা হয়েছিল।