
বিকাশ মিশ্র
শেষ আপডেট: 18 December 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: নিম্ন আদালতে লাভ পাননি, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিকাশ মিশ্র। জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। বিকাশের দাবি, তাঁর বিরুদ্ধে যে পকসো মামলা দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন।
কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল। পরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। কিন্তু এই সব মামলা ভিত্তিহীন বলে দাবি করেছেন বিকাশ। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০ দিনের বেশি হয়ে গেলেও নিম্ন আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করছে না পুলিশ।
কয়লা পাচার মামলায় যখন বিকাশকে সিবিআই গ্রেফতার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। তবে জামিনে ছাড়াও পান তিনি। এখনও নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ। এরই মধ্যে ঘটে এই গ্রেফতারির ঘটনা।
সূত্রের খবর, বিকাশের বিরুদ্ধে নাবালিকার হয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। সেখান থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানে উঠতে-উঠতে বিকাশ বলেছিলেন, 'আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।' শুধু তাই নয়, তাঁর এও মন্তব্য ছিল, 'এই সরকার বেশি দিন চলবে না। আমি ফাঁস করেই ছাড়ব।' স্বাভাবিকভাবে বিকাশ মিশ্রর এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়।