
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 December 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: সব বাঙালি নাকি বাংলাদেশি! হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। তা নিয়ে উত্তাল হয় হাওড়া মেট্রো স্টেশন চত্বর। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কৌশিক মাইতি নামের এক ব্যক্তি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন, অভিষেক কুমার আনন্দ নামে হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মী সব বাঙালিদের বাংলাদেশি বলেছেন। তাঁর অভিযোগ, ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা এবং বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে, এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। ভিডিওতে শোনা যাচ্ছে, তিনি ছাড়া বাকি যারা প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা 'জয় বাংলা' স্লোগানও দিচ্ছেন।
হাওড়া মেট্রোর ঘটনার প্রেক্ষিতে দ্য ওয়াল যোগাযোগ করেছিল বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, ''পশ্চিমবঙ্গ জুড়ে বহিরাগতদের দ্বারা বাঙালি সাম্প্রতিককালে তার ভাষার কারণে, বাঙালি হওয়ার কারণে আক্রান্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। এরকম ঘটনা রোজ ঘটে। এই ভিডিওতে এসেছে মাত্র। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।''
তাঁর আরও বক্তব্য, ''পশ্চিমবঙ্গে হিন্দিভাষী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ চরম বাঙালি বিদ্বেষী আচরণ করে চলেছে গত কয়েক বছর ধরে।'' এই পরিপ্রেক্ষিতে তাঁর প্রশ্ন, ''বিহারে রেল কর্মীরা প্রায় সকলেই বিহারী। তাহলে পশ্চিমবঙ্গে রেল ও মেট্রোতে কেন বাঙালি কর্মী থাকবে না?'' কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে নিশানা করে গর্গর প্রশ্ন, কেন্দ্র কি পশ্চিমবঙ্গকে উপনিবেশ মনে করে? আমরা কি ব্রিটিশ আমলে বাস করছি?