
ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা আট রাউন্ড গুলি চালায়
শেষ আপডেট: 16 June 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভরদুপুর গুলি চলে বেলঘরিয়ার রথতলা মোড়ে। এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা আট রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিটি রোডে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক নতুন তথ্য।
সাম্প্রতিককালে ব্যারাকপুর এলাকায় বেশিরভাগ অপরাধমূলক কাজকর্মের পিছনে নাম উঠে এসেছে বিহারের জেলে বন্দি সুবোধ সিংয়ের। শনিবার বেলঘরিয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনাতেও বিহারের সেই কুখ্যাত গ্যাংস্টারের যোগ থাকতে পারে, এমনটাই জানতে পেরেছে পুলিশ।
আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল পুলিশকে জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে তাঁর কাছে সুবোধের হুমকি ফোন আসছে। ফোন করে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা তোলা চাওয়া হয়েছিল। ঘটনার তিনদিন আগেও ফোন এসেছিল, কিন্তু তা এড়িয়ে গিয়েছিলেন অজয়। তারপরেই শনিবার তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে।
এখানেই শেষ নয়, অজয়ের দাবি, শনিবারের ঘটনার এক ঘণ্টার মধ্যেই ফের তাঁর কাছে সুবোধ সিংয়ের ফোন আসে। সেই সময় থানাতেই ছিলেন ওই ব্যবসায়ী । ফোন তুলতেই তাঁকে হিন্দিতে হুমকি দেওয়া হয়, ”এবার বেঁচে গেলি, কিন্তু তুই বাঁচবি না।”
এদিকে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ২ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার অজয় মণ্ডলের বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। ব্যবসায়ীর সঙ্গে দেখা করে তিনি বলেন, "ব্যারাকপুরে অনেক অপরাধমূলক ঘটনার সঙ্গে সুবোধ সিংহের যোগ রয়েছে। এখানকার অনেক বড় বড় নেতারা ওর মিডলম্যান হয়ে কাজ করছে। ওই গ্যাংস্টারকে অপরাধ করতে সাহায্য করছে স্থানীয় কয়েকজন। আমি আগেই পুলিশ কমিশনারেটকে সব জানিয়েছিলাম।"
শনিবার দুপুর শনিবার ২টো নাগাদ বেলঘরিয়া থানা এলাকায় রথতলা মোড়ের কাছে গাড়িতে যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। আগরপাড়ায় তাঁর গাড়ির শো-রুম আছে। কামারহাটি পৌরসভার সামনে সিগন্যালে দাঁড়িয়েছিল ওই ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে তিন যুবক গাড়িটিকে লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালায়। সেইসময় ড্রাইভার নিরঞ্জন সিং বুদ্ধি করে ইউটার্ন নিয়ে উল্টোদিকের লেন ধরে জগন্নাথ মন্দিরের দিকে চলে যান । গাড়ির বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন পাওয়া গিয়েছে।
শ্যুটআউটের পর এলাকা থেকে চম্পট দেয় দুষ্কতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তদন্তে নামে বারাকপুর পুলিশ কমিশনারেট। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী অজয় মণ্ডল। যদিও আগেই গ্যাংস্টার সুবোধের হুমকি ফোন পেলেও কেন পুলিশকে তিনি খবর দেননি, ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।