
উদ্ধার হওয়া ভালুক শাবক
শেষ আপডেট: 17 January 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ভালুক শাবক উদ্ধার হল। দমদমে ভালুক শাবক সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী চক্রের সঙ্গে জড়িত এই দুজন। কারণ এই ঘটনায় বাংলাদেশ যোগ মিলেছে।
বন দফতর সূত্রে খবর, বাংলাদেশ থেকে এই ভালুক শাবক নিয়ে আসা হয় এবং তা পাচার করাই লক্ষ্য ছিল। যে দুজন যুবককে গ্রেফতার করা হয়েছে তাঁদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁরা নিশ্চিত, এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। একটি আন্তর্জাতিক পাচার চক্রের কাজ এটি।
উত্তর ২৪ পরগনার ডিএফও-র অভিযানে উদ্ধার হয়েছে ভালুক শাবক। তার বয়স ১ থেকে দেড় বছরের মধ্যে। একটি ব্যাগের মধ্যে ছোট ভালুকটিকে ভরে তা সেলোটেপ দিয়ে মুড়ে সেটিকে বাংলাদেশ থেকে ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে আনা হয়েছিল ভারতে। দেশের পশ্চিম প্রান্তের কোনও রাজ্যে এটি পাচার ছক ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
বাংলাদেশ থেকে আনার খবর মিললেও দেশের কোথা থেকে ভালুক শাবকটিকে আনা হয়েছে তার হদিশ এখনও মেলেনি। তবে গ্রেফতার হওয়া দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে খুব তাড়াতাড়ি সেই তথ্য হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে বারাসত রথতলা রেঞ্জ অফিসে রয়েছে ভালুকটি।