
শেষ আপডেট: 24 October 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মেয়ে উমার এবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পালা। মঙ্গলবার দশমীর বিকেল গড়ালেই বাজবে বিদায় বাজনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা বা শহরতলির অধিকাংশ বারোয়ারির পুজোর অবশ্য দশমীতে বিসর্জন হয় না। তবে বাড়ির পুজো সহ কয়েকটি বারোয়ারি পুজো নিয়ম মেনে দশমীতেই বিসর্জন হয়। এদিকে আবহাওয়ার চোখ রাঙানি।
তাই বিদায় পর্বে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। গঙ্গার একাধিক ঘাট সহ শহরের লেক ও জলাশয়, সব মিলিয়ে প্রায় ৭৪টি জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়। সবকটি ঘাটেই এদিন দুপুর থেকে পুলিশি মোতায়েন থাকছে। ইতিমধ্যে পুরসভাকে নিয়ে সংশ্লিষ্ট ঘাটগুলি পরিষ্কারও করা হয়েছে।
প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিমা নিরঞ্জন হবে এমন ২৩৮টি রুটে থাকবে পুলিশি নজরদারি। সূত্রের খবর, নিষেধাজ্ঞা উড়িয়ে কোনও পুজো কমিটি ডিজে বাজালে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আয়োজকদের গ্রেফতারও করা হতে পারে।
অন্যদিকে বিসর্জনের সময় আচমকা গঙ্গায় জোয়ার চলে এলে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় রাখা হয়েছে যাবতীয় আয়োজন। বিসর্জন চলাকালীন মাইকিং করে সচেতনতার পাশাপাশি রাখা হচ্ছে ১৮টি লাইফ সেভিং বোট। থাকবেন মাঝি ও ডুবুরিরাও।
এছাড়া প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলার টিমও থাকছে। নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালি সহ ১৫টি গুরুত্বপূর্ণ ঘাট, যেখান থেকে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়, সেখানে নিরাপত্তার কারণে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। বাড়তি নজরদারির জন্য সাতটি ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার।
একদিকে বিসর্জনের শোভাযাত্রা অন্যদিকে প্রতিমা দর্শনের ভিড়, দুইয়ের জেরে মঙ্গলবার শহরে যানজট তীব্র আকার নিতে পারে। সেদিকে খেয়াল রেখে মঙ্গলবার সকাল সকাল আটটা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত কলকাতায় যে কোনও মালবাহী গাড়ির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার দুপুরের পর থেকে শহরের ৫৫টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রের খবর।