প্রতীকী চিত্র
শেষ আপডেট: 27 November 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বালিগঞ্জ সার্কুলার রোডের ঘটনা। বুধবার সকালে সেখানকার একটি আবাসনের সামনে থেকে দেহ উদ্ধার হয় বলে খবর।
সূত্রের খবর, আবাসনেরই বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয়দের মতে, এদিন আচমকা একটা শব্দ কানে আসে। তারপরই নজরে আসে যুবকের দেহ। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে যুবকের।
তবে কী কারণে তাঁর মৃত্যু হল? বহুতল আবাসনের ছাদ থেকে লাফ দিয়ে যুবক নিজেই আত্মহত্যা করেছেন নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, ভবিষ্য বলানি। বুধবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই থানায় খবর দেন। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, সকালে আচমকা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান অনেকেই। এরপরই রাস্তায় যুবকের রক্তাক্ত দেহ নজরে পড়ে সকলের। ঘটনার জেরে সাতসকালে বালিগঞ্জ সার্কুলার রোডের মতো ব্যস্ততম এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে আবাসনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যুবকের ঘর থেকে কোন তথ্য পাওয়া যায় কী না খুঁজে দেখা হচ্ছে।