
ফাইল চিত্র
শেষ আপডেট: 3 January 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ অনেকটাই এগিয়েছে। চলতি মাসেই তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করার ক্ষেত্রে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ব্যবস্থার পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। জানুয়ারির মাঝামাঝি সময়ই তা করা হতে পারে। যদিও এই রুটে মেট্রো কবে চলতে শুরু করবে, তার আভাস অবশ্য এখনও পাওয়া যায়নি।
চলতি মাসে যে পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হচ্ছে তা শেষ হলেই শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশ পরিদর্শনের জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) কাছে আর্জি জানানো হবে। সেখান থেকে যদি 'সবুজ সঙ্কেত' মেলে তাহলে আমজনতার জন্য পরিষেবা শুরু করা ভাবা হবে বলে আপাতত জানা গেছে।
আপাতত দুটি দফায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু আছে। একটি শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত, অন্যটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। মাঝের এই অংশের কাজ দ্রুত এগোচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের মাঝামাঝি বা শেষের দিকেই বাকি অংশেও পরিষেবা চালু করা যাবে।
এই রুটের ক্ষেত্রে বারবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৌবাজারের পরিস্থিতি। কারণ একাধিক সেই অঞ্চলে মেট্রোর কাজের সময়ে নেমেছে বিপত্তি। সেই কারণেই এখনও মেট্রো পরিষেবা চালু করা যায়নি। তবে নতুন বছরে যাতে সব সমস্যার সমাধান করে মেট্রো পরিষেবা চালু করা যায়, সেই লক্ষ্যই নেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহ আগে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) ম্যানজিং ডিরেক্টর অনুজ মিত্তল-সহ উচ্চপদস্থ কর্তারা এই রুটের কাজ খতিয়ে দেখেছিলেন। সূত্রের খবর, তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন কাজ এবং তার অগ্রগতি দেখে। এবার এটাই দেখার কবে থেকে পরিষেবা পায় সাধারণ মানুষ।