
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 November 2024 21:31
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ভর সন্ধেবেলায় রক্তারক্তি কাণ্ড। জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। পিছন থেকে এসে ব্যবসায়ীকে চপারের কোপ মারে আরও এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে এই হামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সন্ধেবেলা ৩০ বছর বয়সী যুবক বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা পেছন থেকে একজন এসে তাঁকে ধারালো চপার দিয়ে কোপ মেরে খুনের চেষ্টা করে। শহরে একের পর এক হামলার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ। যেই জায়গায় হামলা চলে সেখানে ঘিরেও ফেলেছেন পুলিশকর্মীরা। এদিক ওদিক রক্ত পড়ে রয়েছে রাস্তায়। এই মুহূর্তে আহত যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।
হামলার অভিযোগ উত্তম সোনকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের মতে উত্তম ও এই ব্যবসায়ীর মধ্যে পুরনো শত্রুতা ছিলই। তার জেরেই এই হামলা বলে অনুমান তাঁদের।
জোড়াবাগান থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। যার বিরুদ্ধে অভিযোগ, এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।