
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 13 February 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত টোটোচালক সৌমিত্র রায়ের অতীতও ভয়ঙ্কর। জানা গেছে, তাঁর প্রথম স্ত্রী নাকি অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন। তারপরও টনক নড়েনি। দ্বিতীয়বার বিয়ে করেন এবং ফের শুরু করেন অত্যাচার। সেই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন দ্বিতীয় স্ত্রী মৌসুমী অধিকারী। স্বামীর কুকীর্তি শুনে তাঁকে 'জানোয়ার' বলে কটাক্ষ করেন। দাবি জানান কঠোর শাস্তির।
বুধবার দুপুরে নিউটাউনের গৌরাঙ্গনগরের ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে মৌসুমী বলেন, 'ওকে কখনও ক্ষমা করা যাবে না। আদালত যেন কঠোরতম সাজা দেয়। না হলে এভাবে আরও অনেকের জীবন নষ্ট করবে। আমি বেঁচে গেছি, সেটাই আমার ভাগ্য।'
তদন্তে জানা গেছে, মাত্র এক বছর আগে, ২০২৪ সালের ২২ জানুয়ারি, সৌমিত্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মৌসুমী। এরপর তারা নদিয়ার ধানতলা থেকে নিউটাউনে এসে থাকতে শুরু করেন। সৌমিত্র কেষ্টপুরে ই-রিকশা চালিয়ে সংসার চালাতেন। বিয়ের পর মৌসুমী জানতে পারেন, তাঁর স্বামী আগেও একবার বিয়ে করেছেন। প্রেম চলাকালীন বা বিয়ের সময়ও সেকথা লুকিয়েই রেখেছিলেন বলে অভিযোগ।
তিনি বলেন, 'আমি পরে শুনেছি, ওর পাশবিক অত্যাচারের কারণেই প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিলেন। পুলিশ তখন ওকে গ্রেপ্তার করেছিল, আদালতও দোষি সাব্যস্ত করে। জেল খাটে ৮ মাস ১৫ দিন।' স্বামীর জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই বলে স্পষ্ট জানিয়ে দেন মৌসুমী। তাঁর কথায়, 'প্রথম স্ত্রী, আর এবার নিউটাউনের সেই ছোট্ট মেয়েটা—দু’জনের জীবনই নষ্ট করল ও। আমি জানি না, জন্তুটা আমাকেও মেরে ফেলত কিনা। আমি আদালতের কাছে অনুরোধ করছি, যেন কঠিন শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কারও এমন ক্ষতি না হয়।'
এই নৃশংস ঘটনার পর গোটা এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়েছে। ঘটনার অগ্রগতিতে যা যা পদক্ষেপের দরকার পুলিশ করছে।