
অরূপ বিশ্বাস
শেষ আপডেট: 1 March 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শনিবার রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী (TMC) অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার (WBCUPA) বৈঠক ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সভায় গেলে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরে তিনি বেরনোর সময়ে হামলা করা হয় তাঁর গাড়িতে। বনেটে লিখে দেওয়া হয় ‘ব্রাত্য বসু চোর‘! এই পরিস্থিতিতে ভাঙে শিক্ষামন্ত্রীর গাড়ির কাচও। সেই সময়ই তিনি আহত হন মন্ত্রী।
অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে আহত হন এক ছাত্র। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে কেপিসি হাসয়াতালে নিয়ে ভর্তি করা হয়। যার পরই রণক্ষেত্র চেহারা নেয় ক্যাম্পাস। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র-ছাত্রীরা। আওয়াজ তোলেন "শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।"
বিশ্ববিদ্যালয় চত্বরে ব্রাত্যকে নিগ্রহের করার প্রতিবাদে সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূল। মিছিলে যোগ দেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)-সহ আরও অনেকে। উল্টো দিকে হাজির হন বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্যেরা।
দু’পক্ষের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখনই অরূপের হুঁশিয়ারি, "আগুন নিয়ে যেন কেউ না খেলে। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হওয়ার দাবি মিথ্যে।" শুধু তাই নয় তিনি কার্যত বাম ছাত্রদের সাবধান করে দিয়ে বলেন, "গণতন্ত্রে বিশ্বাস করি, মাও-মাকুদের বলতে চাই, অশান্তি কোরো না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।"
প্রসঙ্গত, ২০২০ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার পর থেকে আর ভোট হয়নি। সেই ভোটের দাবিতেই এদিন সরব হয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।