
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 December 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: এজেসি বোস রোডের গেস্টহাউস থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২। বাজেয়াপ্ত ২ টি নাইন এমএম পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ। ধৃত রহিশ কুমার ও মিরাজ মালিক বিহারের গয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ বৈশালি গেস্ট হাউসে পৌঁছন তিন জন। দু'জন রুম নেন। তাঁদের ওই গেস্টহাউস কর্তৃপক্ষ ৯ নম্বর রুম দেয়। রুমে ঢুকে তাঁরা সবে রাতের খাওয়া শুরু করেছেন। তখনই গেস্ট হাউসে যান সাদা পোশাকের পুলিশ। ওই দু'জনকে আটক করা হয়। রুমের কাঠের আলমারিতে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তাদের এরপর গ্রেফতার করা হয়।
এই গেস্টহাউসের খোঁজ তাঁদের কলকাতার কেউ দিয়েছিল বলে মনে করছে পুলিশ। তিনি সন্ধেবেলায় সঙ্গেও এসেছিলেন। তাঁর খোঁজে বর্তমানে তদন্ত শুরু হয়েছে। এদিকে, ধৃত দু'জনকে শুক্রবার আদালতে তোলা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু বিষয় জানা চেষ্টা করবে।
পুলিশের অনুমান, তাঁরা ওই অস্ত্র কোথাও থেকে এনে সরবরাহ করছিল। ফলে, কলকাতায় কাউকে দেওয়ার পরিকল্পনা ছিল কিনা বা এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতায় কার কার সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। সেই লিঙ্ক খুঁজে দেখা হবে পাশাপাশি কোনও চক্র এর সঙ্গে জড়িত আছে কিনা তাও দেখা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।
এর আগে বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এর কোনও লিঙ্ক রয়েছে তা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ।