
শ্লীলতাহানির অভিযোগ মহিলার - প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 June 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় অ্যাপ ক্যাব সফর কতটা নিরাপদ তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। কারণ এক মহিলা একজন ক্যাব চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সেই অ্যাপ ক্যাব চালক গ্রেফতারও হয়েছেন। পুলিশ সূত্রে খবর, গাড়ির এসি চালানো নিয়ে বচসা শুরু হয় তাঁদের।
মহিলা পুলিশকে জানিয়েছেন, গড়িয়াহাট যাওয়ার জন্য তিনি অ্যাপ ক্যাব বুক করেছিলেন। কিন্তু বাড়ি থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড আসার পর তিনি চালককে গাড়ির এসি চালাতে বললে তিনি বেঁকে বসেন। একাধিকবার অনুরোধ করা হলেও চালক এসি চালাননি। এরপর তিনি টাকা না দিয়েই গাড়ি থেকে নেমে যান। অভিযোগকারিণীর দাবি, তখনই গাড়ির চালক তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে শুরু করে, কুৎসিত অঙ্গভঙ্গিও করে।
এই মহিলা যাত্রীর অভিযোগের প্রেক্ষিতেই ওই রুটে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে নস্করহাট দক্ষিণ পাড়া এলাকা থেকে ললিত নামের ওই চালককে গ্রেফতার করেছে তারা। জানা গেছে, বুধবারই তাকে আদালতে তোলা হবে।
অ্যাপ ক্যাব চালকদের নিয়ে অভিযোগ এই প্রথম নয়। এর আগেও তাঁদের বিরুদ্ধে ভাড়া নিয়ে বচসা, হুমকি দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শহর কলকাতায়। সারাদিন বাদ দিলেও রাতের দিকে অ্যাপ ক্যাবের ওপরই বেশিরভাগ নির্ভর করে সাধারণ মানুষ। তাই এই ধরনের ঘটনা সত্যি চিন্তার ভাঁজ বাড়াবে আমজনতার কপালে।
এদিকে মঙ্গলবারও শহর কলকাতায় উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। সেটি অবশ্য অ্যাপ ক্যাবে নয়, শহরের এক অভিজাত ক্লাবে। ওই ক্লাবেরই একজন কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক মহিলা কর্মী। মহিলার দাবি, ওই ক্লাবকর্তা একাধিকবার তাঁকে শ্লীলতাহানি করেছেন। বহুবার কাজ করতে ডেকে নানা অছিলায় তাঁর গায়ে হাত দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।