
এসএসকেএম হাসপাতাল
শেষ আপডেট: 17 November 2024 21:03
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এখনও বহাল। তার মধ্যেও রাজ্যে একের পর এক হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝাড়গ্রামের হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছে বাংলা। রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালের ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল। হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছেন এক জুনিয়র ডাক্তার। তিনি এই মুহূর্তে হাসপাতালেরই সিসিইউতে ভর্তি।
ওই হাউস স্টাফ এসএসকেএমের হস্টেলেই থাকতেন। রবিবার হস্টেলের ঘর থেকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি স্নায়ুরোগ বিভাগের হাউস স্টাফ ছিলেন। তিনি এইভাবে কী করে অসুস্থ হয়ে পড়লেন তা কেউই বুঝতে পারছেন না। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কারও কারও সন্দেহ, আত্মহত্যার চেষ্টা করতে পারেন ওই জুনিয়র ডাক্তার।
অসুস্থ জুনিয়র ডাক্তারের কয়েকজন পরিচিতও বিষয়টি নিয়ে ধন্দে রয়েছেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে কোন ওষুধ থেকে হয়েছে, তা বোঝা যাচ্ছে না এখনও। আবার কেউ মনে করছেন, বেশি পরিমাণে কোনও ওষুধ খেয়েছেন তিনি। তেমন হলে সেটাও বা কেন করবেন এই চিকিৎসক, সে প্রশ্নের উত্তরও মিলছে না। তাহলে কি এটাও সেই 'থ্রেট কালচার'-এর ঘটনা, ধোঁয়াশা থেকে যাচ্ছে।
সূত্রের খবর, এই চিকিৎসক আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পরোক্ষভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল ছিলেন। তার জন্য তিনি কোনও হুমকি পাচ্ছিলেন কিনা, বা এর সঙ্গে অন্য কোনও ঘটনার সূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আপাতত ওই জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে পুরোপুরি বিপন্মুক্ত নন তিনি।