
শেষ আপডেট: 23 March 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: দোলের জন্য আগামী সোমবার হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে প্রায় ৩০০-র কাছাকাছি ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে দোলের দিন যাত্রীর সংখ্যা কম থাকবে। তাই এবারও শিয়ালদহ মেন লাইনে একগুচ্ছে ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, দোলের দিনের পরিস্থিতি বিচার করে শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। দোলে এমনিতেও গোটা রজ্যে ছুটি। তবে ব্যক্তিগত প্রয়োজনে বাইরে বেরোতে হতেই পারে। ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। তাই এত ট্রেন একদিনে বাতিল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা।
বাতিল ট্রেনের তালিকায় আছে শিয়ালদা-বর্ধমান লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকালের মতো শাখার লোকাল ট্রেন। সোমবার মেন লাইন, সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
সোমবার যে যে ট্রেন বাতিল থাকবে তার মধ্যে-- ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল, ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল, ৩১৬০১ শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকাল, ৩১৬১৩ শিয়ালদা-রানাঘাট লোকাল, ৩১৬০২ রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লোকাল, ৩১৬৩৪ রানাঘাট-শিয়ালদা লোকা, ৩১৭৪৭ রানাঘাট-গেদে লোকাল, ৩১৭৪৪ গেদে-রানাঘাট লোকাল, ৩১৫৮৫ রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, ৩১৫৮৬ কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল, ৩১৮০১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল, ৩১৮৩১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, ৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল, ৩১৭৮১ রানাঘাট-শান্তিপুর লোকাল, ৩১৭৮৩ রানাঘাট-শান্তিপুর লোকাল, ৩১৭৮৬ শান্তিপুর-রানাঘাট লোকাল, ৩১৫২১ শিয়ালদা-শান্তিপুর লোকাল, ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল, ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদা লোকাল, ৩৩৭১১ রানাঘাট-বনগাঁ লোকাল ইত্যাদি।
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷