
নিজস্ব ছবি
শেষ আপডেট: 27 February 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: আবারও ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) কলকাতায় (Kolkata)। নিক্কো পার্কের (Nicco Park) কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ তরফে জানানো হয়েছে, চিংড়িঘাটা উড়ালপুল থেকে নামার পর সল্টলেকের সুকান্ত নগরের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি মত্ত অবস্থায় ছিলেন নাকি গাড়ির গতি বেশি থাকার কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই সময় গাড়ির গতি কমপক্ষে ৮০ কিলোমিটার ছিল। রাস্তার পাশে উঁচু ফুটপাথের কিনারায় গাড়ির ধাক্কা লাগায় তা সঙ্গে সঙ্গে উল্টে যায়। বেশ কিছুক্ষণ সেইভাবেই গাড়ি রাস্তায় উল্টে পড়েছিল।
মাত্র ক'দিন আগে কলকাতায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষির জেরে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন একজন। এক্সাইড মোড়ে একটি সরকারি বাস এবং ২২২ নম্বর রুটের একটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে ২২২ নম্বর রুটের বাসটি ধাক্কা মারে এক মহিলাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম শান্তি দেবী (৭৬)। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুলবাসটি অত্যন্ত গতিতে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা মারে ওই বৃদ্ধাকে।