1.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 June 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: ১ মাস ৮ দিনের ব্যবধানে ফের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশি যুবক। গত ১৩ মে চিকিৎসা করাতে কলকাতায় এসে নিখোঁজ হন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। বৃহস্পতিবার বাংলাদেশের যে যুবকের নিখোঁজ হওয়ার খবর পুলিশ জানতে পেরেছে, কাকতালীয়ভাবে তিনিও কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে।
পুলিশ সূত্রের খবর, দিলওয়ার হোসেন নামে ওই যুবক চিকিৎসা করাতে কয়েকদিন আগেই কলকাতায় এসেছিলেন। মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন তিনি।বৃহস্পতিবার সকাল থেকে ওই যুবকের কোনও খোঁজ মিলছিল না। দুপুরের দিকে হোটেলের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানা।
প্রসঙ্গত, গত ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বেরিয়েছিলেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। তারপর থেকেই নিখোঁজ তিনি।
রাজ্যের সিআইডি এবং বাংলাদেশ পুলিশ যৌথ তদন্তে জানিয়েছে, নিউ টাউনের আবাসনে খুন করা হয়েছে সাংসদকে। ওই ঘটনায় বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদার, সিয়াম, শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমানদের গ্রেফতার করেছে পুলিশ।
তবে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সাংসদের বন্ধু আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর এখনও পলাতক। তারই মাঝে ফের কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশ এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।