
বিকাশ মিশ্র
শেষ আপডেট: 25 November 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: 'আবার আসিব ফিরে'। আসছেও। সেই কবে তৃণমূলের কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপড়ে 'চিৎকার' করে বলেছিলেন 'সব চেয়ে বড় বেনিফিশিয়ারি'র কথা। খানিকটা একই আঙ্গিকে আরও সুর চড়িয়ে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ও 'চিৎকার' করে আঙুল তুলেছিল পুলিশ প্রশাসনের দিকে। ফের সেই 'চিৎকার' ফিরে এল কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের গলায়।
পাচারের অভিযোগে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশকে আগেই গ্রেফতার করেছিল। কিন্তু কাল কালীঘাট থানা তাঁকে গ্রেফতার করে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে। পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে।
ঘটনা হল, ধৃতকে ওই দিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানে উঠতে-উঠতে বিকাশ বলেন, 'আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।'
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় যখন সিবিআই বিকাশকে গ্রেফতার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়াও পান। এখনও নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ।
কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ আদালতে চার্জ গঠন হওয়ার কথা। রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আদালতে চার্জ গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিচারপতি অবশ্য এ ব্যাপারে অনড়। তার কারণ প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে বিকাশকে ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। পাশাপাশি বিচারপতি এও জানতে চেয়েছেন বর্তমানে কালীঘাট থানায় করা পকসো মামলার কেসটা এখন কী অবস্থায় আছে।
বিচারপতি রাজেশ চক্রবর্তী পরিষ্কার জানিয়েছেন, আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা স-শরীরে, যে ভাবেই হোক অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে। ততক্ষণ শুনানি স্থগিত থাকবে।
প্রসঙ্গত, আজ ৪৮ জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায়, চার্জ গঠন পিছিয়ে যায়। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত টানা ৬ ঘণ্টা টানাপোড়ন চলে আসানসোল সিবিআই আদালতে।
সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন পরবর্তী শুনানি দিন ১০ ডিসেম্বর হবে।