
আরজি করের চিকিৎসক দেবব্রত দাস
শেষ আপডেট: 31 August 2024 13:45
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় চারিদিক। ঘটনার পর একাধিক দুর্নীতি ও বেনিয়মের ঘটনা সামনে এসেছে। এবার এই নিয়েই মুখ খুললেন খোদ আরজি করের চিকিৎসক দেবব্রত দাস। সাহস করে বলেই ফেললেন, তিনিও অনেক অনৈতিক কাজের সঙ্গে জড়িত।
ইতিমধ্যেই আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। পাশাপাশি হাসপাতালের বেনিয়ম ও দুর্নীতির তদন্তভারও এই কেন্দ্রীয় সংস্থার হাতে। অভিযোগ ওঠে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে স্বৈরাচার চলত। ছাত্রছাত্রীদের ফেল করানো থেকে শুরু করে পাশ করাতে মোটা টাকা চাওয়া, বর্জ্য পাচার, আর্থিক তহবিলে লক্ষ লক্ষ টাকা তছরূপ, বেআইনি পার্কিং-সহ একাধিক অভিযোগ আছে। এত সব অভিযোগেই এবার শিলমোহর দিলেন আরজি কর হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাস।
ভাইরাল হওয়া এক ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “গত চার বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত। আমার মনে হয়, এখানে যারা ফ্যাকাল্টি আছে, তারাও জড়িত। কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম। আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। দুর্ভাগ্যবশত মেয়েটা প্রাণ দিয়ে বোঝাল যে এবার বলতে হবে- ‘এটা ভুল হচ্ছে, এই লোকটা কালপ্রিট’।
ইতিমধ্যেই আরজি করে এমএসভিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনিও একাধিকবার জানিয়েছেন হাসপাতালে কী 'কালচার' চলত। এবার দেবব্রত দাসের এহেন স্বীকারোক্তি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।