
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 January 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্যে। এরই মাসে ভুয়ো নামে পাসপোর্ট নিতে গিয়ে ধরা পড়ল এক যুবক। তাঁর নাম সাহিল আকবর খান। ভবানীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, পাসপোর্ট তৈরি করার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছিল সে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, এই যুবক ভুল নামে পাসপোর্টের জন্য আবেদন করেছে। সে আদতে একজন আফগানিস্তানের নাগরিক এবং গত ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর এদেশে থাকার নথি পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। যুবকে আসল নাম খালিদ নওরজ সাহিল। শুক্রবার আলিপুর আদালত ধৃতকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন মনোজ গুপ্তর সঙ্গে পুলিশের প্রাক্তন কর্মীর যোগসূত্রের স্পষ্ট ইঙ্গিত পেয়েছে পুলিশ। এই তদন্তে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিও। তাদের সন্দেহ, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। ইডি এও মনে করছে, পুলিশের অনেক নীচুতলার একাধিক কর্মী এই কাণ্ডে যুক্ত থাকতে পারে। তাদের মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনাও প্রবল।
ভবানীপুর থানাতেই এই সংক্রান্ত মামলা হয়েছিল। আর তারাই এবার ভুয়ো নামে পাসপোর্ট বানানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে। তাহলে এই ঘটনার সঙ্গেও কি পাসপোর্ট জালিয়াতির সরাসরি যোগ রয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ। সূত্রের খবর, একই আধার নম্বর দিয়ে একাধিক পাসপোর্ট তৈরি করা হত। এজন্য ভুয়ো নথিও তৈরি করা হত। এক্ষেত্রে অভিযুক্ত পুলিশ কর্মীদের সঙ্গে জড়িত একাধিক মিডলম্যানের খোঁজও পেয়েছেন গোয়েন্দারা। গ্রেফতারও করা হয়েছে একাধিকজনকে।