
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 21 March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: রেলব্রিজ দিয়ে অবৈধভাবে লাইন পারাপার করতে গিয়ে বিপত্তি। ভয়ে বেকায়দায় নীচে পড়ে গেলেন মহিলা। পিলারে লেগে মাথা ফেটে যায় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনা দক্ষিণদাঁড়ির।
শুক্রবার সকাল ৭টা নাগাদ স্বামী বিকাশ প্রসাদের সঙ্গে বেরিয়েছিলেন সুষমা প্রসাদ। রেললাইন পারাপার করতে গিয়ে রেল ব্রিজ দিয়ে শুরু করেন। হঠাৎ করেই ট্রেন ঢোকার আওয়াজ পান। কিছু বুঝে ওঠার আগেই লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। তাঁর স্বামী সেসময় একটু দূরে ছিলেন। সরতে গিয়েই বেকায়দায় নীচে পড়ে যান। ব্রিজের লোহার পিলারে মাথা গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসে। রক্তে ভেসে যায় চারিদিক।
স্থানীয়রা পুলিশে খবর দেয়। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বাড়ি দক্ষিণদাঁড়ি বস্তির ঋষি অরবিন্দ কলোনি এলাকায়।
অবৈধভাবে রেল লাইন পারাপার নিয়ে একাধিক সচেতনতামূলক প্রচার হলেও মানুষকে এই ধরনের ঘটনার ভয়াবহতা বোঝানো যায়নি। এই ঘটনা উল্লেখ করে তাই ফের মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছে পুলিশ।