
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 November 2024 11:03
দ্য ওয়াল ব্যুরো: ঘুম থেকে উঠেই চা না পেলে ঠিক জমে না অনেকের। ভোরবেলার সেই চা খেতে গিয়েই ঘটে গেল বিপত্তি। পথ দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনে।
বৃহস্পতিবার সাতসকালে নিউটাউন থানা এলাকার আনন্দপল্লীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই সন্তোষ ব্রহ্ম (৫২) নামের ওই ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা। তারপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি ব্যক্তিকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধাক্কা মারার পর দাঁড়ায়নি গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। ভোরবেলা এই ঘটনা ঘটায় কোনও অ্যাম্বুল্যান্সও পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সন্তোষ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তাতে একটিও বাম্পার নেই বলেই অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বাম্পার থাকলে এমন দুর্ঘটনা ঘটেনি। না থাকার জন্যই মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চলে এই রাস্তায়। ফলে সব সময়ই দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে।