
অভিষেক বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি
শেষ আপডেট: 18 March 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ঘটনায় বিরোধীদের রাজনীতি না করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা পদে পদে বাড়ছে। এদিকে বিরোধীরা ইতিমধ্যেই রাজ্যের সরকারকে বেআইনি নির্মাণ ইস্যুতে দোষারোপ করতে শুরু করেছে। এই নিয়েই বার্তা দিলেন অভিষেক।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গার্ডেনরিচের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। অভিষেককে এই ঘটনা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ''ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করা কখনই উচিত নয়। বিরোধীরা যারা এখন থেকেই প্রশ্ন তুলছেন তাঁদের বলব, এই সময়ে রাজনীতি না করতে। রাজনীতি করার অনেক সময় আছে। এখন সময় যারা আটকে পড়েছেন তাঁদের জন্য প্রার্থনা করার। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেই চেষ্টা করা দরকার।''
এই ঘটনায় পুলিশ সূত্রে ৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তারা হলেন সামা বেগম (৪৭), হাসিনা খাতুন (৫৫), আকবর আলি (৬০), রিজওয়াল আলম (২২)। এঁদের মধ্যে শামা এবং হাসিনা দুই বোন। তবে হাসপাতাল মর্গ সূত্রে খবর, ৫ জনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আরও একজনের মৃত্যু হয়েছে। বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি ঘোষণা করেন, মৃতদের ৫ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এত ছোট জায়গায় বড় বড় নির্মাণ হচ্ছিল কীভাবে, তা নিয়েই যত প্রশ্ন উঠেছে।
গার্ডেনরিচের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরেই বেআইনি নির্মাণ কাজের অভিযোগ রয়েছে। যে বহুতলটি রবিবার রাতে ভেঙে পড়েছে সেটিও যে বেআইনি ছিল তা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। গার্ডেনরিচের বেআইনি নির্মাণ নিয়ে বাম জমানার দিকে আঙুল তুলেছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনের পর বেআইনি নির্মাণের তত্ত্ব মেনে নেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, "বাড়িটি সরকারি অনুমতি আছে কিনা আমি মেয়রকে জিজ্ঞেস করলাম, ও বলল অফিসিয়াল পারমিশন পায়নি। এরকম কিছু কিছু বেআইনি বাড়ি নির্মাণ হয়।”