
শেষ আপডেট: 29 December 2023 19:15
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার কল থেকে মোটর চালিয়ে জল নিতে গিয়ে ঘটে গেল বড় বিপদ। বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জোড়াবাগান থানার পোস্তা পেট্রোল পাম্পের কাছে ২৭ মহর্ষি দেবেন্দ্র নাথ রোডের ঘটনাটি ঘটেছে।
মৃত যুবকের নাম রাহুল দুবে। ৩৫ বছর বয়সী ওই যুবকের শর্ট সার্কিট থেকে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, এলাকায় একটি বাড়িতে তিন মাস আগে ভাড়া নিয়ে আসেন রাহুল দুবে। তাঁর দুই কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাহুল যখন ওই বাড়ির সুইচ বোর্ড থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে জলের কল থেকে জল নিতে গিয়েছিলেন তখনই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিকের পাইপ ব্যবহার করে মোটর চালিয়ে জল নিতে গিয়েই বিপদে পড়েন রাহুলবাবু। সুইচ বোর্ডে সমস্যা ছিল। তাই মোটর চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। এলাকার বাসিন্দারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
ঘটনাটিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই ঘটনস্থলে আসেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাহুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাড়ির ভিতরে কলগুলি দিয়ে নোংরা জল আসছিল। যার কারণ হিসাবে জলের ট্যাঙ্কে কোনও সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেছিলেন বাড়ির বাসিন্দারা।