
শেষ আপডেট: 10 January 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: জামিন নিতে এসে আদালত চত্বর থেকে অপহরণ হয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার হুলস্থুল কাণ্ড ঘটে আলিপুর আদালতে। জানা গিয়েছে অপহৃত ব্যক্তির নাম সুদীপ্ত।
তিনি এক মহিলার সঙ্গে আগাম জামিন নিতে আলিপুর এসিজেএম আদালতে এসেছিলেন। ওই মহিলার স্বামী, তাঁর বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শুধু তিনি নয়, ওই মহিলা ও আরও একজনের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁদের তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আগাম জামিন নিতে এসেছিলেন। কিন্তু জামিন হয়নি। পরে কোর্ট চত্বর থেকে বেরনোর সময়ে সুদীপ্ত নামে ওই ব্যক্তিকে মারধর করে একটি ট্যাক্সিতে তুলে নিয়ে যায় কয়েকজন।
এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই ব্যক্তির কোনও খোঁজ মেলেনি। এই ঘটনার প্রতিবাদে কোর্টে সব মামলার শুনানি বন্ধ করে দেন আইনজীবীরা। তাঁদের দাবি, অপহৃতকে বাঁশদ্রোণী থানার পুলিশ খুঁজে এনে না দিলে তাঁরা শুনানিতে হাজির হবেন না। মহিলার অভিযোগ, এই ঘটনার পিছনে তাঁর স্বামীর হাত থাকতে পারে।
জানা গিয়েছে, মহিলার সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এসিজেএম আদালতে তাঁদের মামলা চলছিল। সেটা সিজেএম আদালতে স্থানান্তরিত হয়।