
ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার গভীর রাতে নিউটাউনে (Newtown) ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে এক টোটো চালকের (Toto Driver) রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। খুনই হয়েছেন ওই ব্যক্তি, সে বিষয়ে নিশ্চিত ছিল পুলিশ। এবার সেই ঘটনাতেই গ্রেফতার হল দুই নাবালক। তারা দুজনেই মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Candidate)! তাদের গ্রেফতার করেছে ইকো পার্ক থানা।
'ভাড়া আছে' বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সুশান্ত ঘোষ নামের ওই টোটো চালককে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে তিনি খুন হয়েছেন। ঘটনায় গিরিশ ঘোষ এবং মানসী ঘোষ নামের দুজনের যোগ রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। তাতেই ধরা পড়েছে ধৃত দুই নাবালককে নিয়ে টোটো চালিয়ে যাচ্ছেন সুশান্ত। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, দুজনের মধ্যে একজন সুশান্তের প্রেমিকার মেয়ের প্রেমিক! তারপরই গোটা ঘটনাটি পরিষ্কার হয়ে যায় সকলের কাছে। তবে জেরায় ওই নাবালকরা যা জানিয়েছে তা আরও বিস্ফোরক।
পুলিশ সূত্রে খবর, দুজনকে জেরা করে তাঁরা জানতে পেরেছে সুশান্ত তাঁর প্রেমিকার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিল। সেই কথা নিজের প্রেমিককে জানায় ওই নাবালিকা। তারপরই দুজন সুশান্তকে খুনের পরিকল্পনা করে। জানা যাচ্ছে, রবিবার রাতে সুশান্তর মোবাইলে একটি ফোন আসে। এরপরই ভাড়া আছে, বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর মধ্যরাতে ১৪ নম্বর ট্যাঙ্কের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
ওই নাবালকদের কাছে দুটি হাতুড়ি ছিল। তা দিয়ে সুশান্তের মাথা থেঁতলে খুন করা হয়ে বলে অনুমান করছে পুলিশ। যদিও শুধুমাত্র ওই দুজন এই ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ সন্দেহ, শুধু দুই নাবালক মিলে হয়তো সুশান্তকে খুন করতে পারবে না। অন্য কেউ তাদের সাহায্য করতে পারে।