
পঞ্চসায়র থানা
শেষ আপডেট: 6 December 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চসায়রের বহুতল থেকে পড়ে গেল ১৭ বছরের কিশোর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, টাওয়ার ১১ এর ১৯ তলায় পরিবারের সঙ্গে থাকতো ১৭ বছরের নীলাভ বন্দ্যোপাধ্যায়। বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশায় ডাক্তার। কিন্তু, কীভাবে অত উঁচু থেকে নীলাভ আচমকা পড়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনার তদন্তে নেমেছে পঞ্চসায়র থানা। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে তা খতিয়ে দেখাঁ হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও।
যে ফ্লোর থেকে ওই কিশোর পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, সেখানে উঁচু ব্যালকনি রয়েছে। তাই ওখান থেকে নিজে ঝাঁপ দিয়েছে নাকি কেউ ঠেলে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজও তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে।
ফ্ল্যাটটিও খতিয়ে দেখছেন পঞ্চসায়র থানার আধিকারিকরা। বোঝার চেষ্টা হচ্ছে বাড়ির সদস্যদের সঙ্গে নীলাভের সম্পর্কের রসায়নও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের।