
সুইমিং পুলে জলে ডুবে মৃত্যু কিশোরীর
শেষ আপডেট: 7 May 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: সাতাঁর শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক কিশোরীর। সল্টলেকে সুইমিং পুলে জলে ডুবে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর।
মৃত ছাত্রীর নাম এলিনা দত্ত ভট্টাচার্য। বছর ১৫-র এলিনা সল্টলেকেরই এ ই ৬৮০ ব্লকের বাসিন্দা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ মায়ের সঙ্গে বিধান নগর মিউনিসিপাল অ্যাকাডেমি সুইমিং পুলে আসে ওই ছাত্রী। রোজকার মতো সাঁতারের অনুশীলন করছিল কিশোরী। আচকাই ঘটে বিপত্তি।
পুলিশ সূত্রের খবর, এদিন এলিনা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন অর্থাৎ সাঁতারুদের ফুসফুসের কার্যকারিতা উন্নত করার জন্য পুলের জলে ডুব দেয়। বেশ কয়েক মিনিটে পরেও এলিনা জল থেকে না ওঠায় তার মা এবং ট্রেনাররা বিপদের আশঙ্কা করেন। এরপর খানিকক্ষণের মধ্যে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বিধান নগর থানার পুলিশ। কীভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে।