
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 24 March 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দিল্লিতে বসে দলের সাংসদদের নিয়ে ঘরোয়া বৈঠক থেকে বাংলায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সপ্তাহ ঘুরতেই খোদ কলকাতায় উলটো ছবি!
আদি বনাম নব্য বিজেপির কোন্দলে দলের বৈঠকের মধ্যেই চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ! এমনকী নেতাকে ধরে চুন কালি মাখানোর অভিযোগও উঠেছে। দলীয় কর্মীদের হাতে নিগৃহীত হয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যও। ইতিমধ্যে স্যোশাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)।
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে এভাবে বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপিও। তবে এ ব্যাপারে রাজ্য নেতাদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
হঠাৎ কোন্দলের কারণ কী?
দলীয় সূত্রের খবর, রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনা সভা থেকে দলের দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। অভিযোগ, সেখানে দলের বিক্ষুদ্ধ অংশ পৌঁছে গিয়ে নেতার বিরুদ্ধে নানা কু মন্তব্য করতে থাকেন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। শুরু হয় চেয়ার ছোড়াছুড়িও।
বিক্ষুদ্ধদের হাতে আক্রান্ত হন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। তাঁকে রক্ষা করতে গিয়ে অনুপম ঘনিষ্ঠ এক মণ্ডল সভাপতি বিক্ষুদ্ধদের ক্ষোভের মুখে পড়েন। ওই মণ্ডল সভাপতির মুখে কালি মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। রাতে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বর বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে শহরজুড়ে পোস্টারও পড়েছিল। এবার একেবারে আক্রমণ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তো বটেই দলের অন্দরেও শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে শাসক তৃণমূলের কটাক্ষ, "নিজেদের ঘর সামলাতে পারে না, এর আবার কিনা বাংলা চালাবে!"