
শেষ আপডেট: 13 February 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: সাত সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি। রেশন দুর্নীতি তদন্তে মঙ্গলবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সকালে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, নিউ আলিপুরের একটি বহুতলেও পৌঁছে গেছে ইডির দল। বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা।
সূত্রের খবর, ৮ থেকে ১০টি টিম আজ তদন্তে বেরিয়েছে। এদিন ২টি মামলায় মূলত তল্লাশি চলছে। একটি রেশন দুর্নীতি, অপরটি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত।
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, এই বহুতলের দোতলায় হানা দিয়েছে ইডি। ওই বহুতলে বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিতের নাম উঠে আসে। আজই তাঁর বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা।
বাড়ি ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, রয়েছেন মহিলা রক্ষীরাও। একজন অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট ৫ জনের একটি টিম এদিন সকালে এই বহুতলে এসে ঢোকে। তারপর একে একে পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় ইডির অফিসাররা পৌঁছেছেন বলে খবর। নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি চলছে। স্টক এক্সচেঞ্জ কারবারের সঙ্গে তিনি যুক্ত।
বাগুইআটি থানার অন্তর্গত হলদিরামের পিএস ম্যাগনামে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছে ইডির দল। মেট্রোপলিটন সেক্টর-বি-তে ঢুকেছে ইডির টিম। সেখানে ২ জন অফিসার ও কয়েকজন ফোর্স রেখে আবার বেরিয়ে এসে পি৫৭বি ঠিকানায় পৌঁছন ইডির আধিকারিকরা। এই মেট্রোপলিটন বি ব্লকের ১৩১ নম্বর বহুতলেও রয়েছে বিশ্বজিৎ দাসের ফ্ল্যাট। মেট্রোপলিটনের বি-ব্লক ও পি ব্লক-এ দুটি ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের নামে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শংকর আঢ্যর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। ইমোর্ট-এক্সপোর্টের ব্যবসা আছে তাঁর।
ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে সে সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য এদিনের এই তল্লাশি অভিযান। তাছাড়া স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত বিষয়টি রয়েছে। কোন টাকা কোথায় ও কীভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।