
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 March 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: রবিবার পর্যন্ত ভাসবে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলা (Weather Report)। উত্তরেও সমান তালে বৃষ্টি হবে আগামী কয়েকদিন। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে তাই আবহাওয়া বৃষ্টির অনুকূল থাকবে (Rain in Bengal)। কয়েকটি জেলায় হতে পারে কালবৈশাখী।
২১ মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে। এই সকল জেলাতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৬০ কিলোমিটার বেগে। কয়েকটি জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও।
শুক্রবার রাতভর বৃষ্টি চলার পর শনিবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
২৩ মার্চ, রবিবার আবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত এই মেঘ-বৃষ্টির খেলা চলবে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
এদিকে শুক্রবার উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে ২৪ তারিখ, সোমবার পর্যন্ত। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই তিন জেলায় শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। সোমবার শুধু দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা-সহ প্রায় রাজ্যের সর্বত্র। বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।
তাপপ্রবাহের পরিস্থিতি সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাডু, পন্ডিচেরি ও কড়াইকালে। অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত। যা ছত্তীগড়ের উপর দিয়ে রয়েছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে ছত্তীসগড় পর্যন্ত বিস্তৃত আছে। ২৪ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ওড়িশা ও বাংলার সমুদ্র উপকূলে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা, ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘণ্টায়।