দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় তৈরি হল নতুন রেকর্ড। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর তকমা এল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের প্রথম দিনেই। আগে থাকতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের আশায় ছিলেন উদ্যোক্তারা। ঠিক ছিল মঙ্গলবার অ্যাস্ট্রোফিজিক্স ও স্প্রেকট্রোস্কোপের উপরে সেমিনারে উপস্থিত থাকবে ১৭৫০-এর উপর পড়ুয়া। কিন্তু আদতে দেখা গেল সংখ্যাটা অনেকটাই বেশি। আড়াই হাজারের উপর ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে রেকর্ড তৈরি করল ওই সেমিনার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সম্মান পেল ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ( আইইউসিএএ)।
সায়েন্স সিটিতে এই সেমিনার চলবে চারদিন ধরে। চারদিনে চারটি আলাদা আলাদা বিষয়ের উপরে হবে আলোচনা। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের বক্তব্য রাখবেন আইইউসিএএ-র বিজ্ঞানীরা। মঙ্গলবার প্রথম দিনে ভারতের প্রখ্যাত দুই বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা ও ডক্টর সি ভি রমনকে শ্রদ্ধা জানাতে অ্যাস্ট্রোফিজিক্স ও স্পেকট্রোস্কোপ নিয়ে হয় আলোচনা। বিজ্ঞানীরা এদিন কী ভাবে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে থাকা কোনও মহাজাগতিক বস্তুর তাপমাত্রা, কেমিক্যাল কম্পোজিশন বোঝা যায় তা বোঝান পড়ুয়াদের। একই সঙ্গে কী ভাবে স্পেকট্রোস্কোপ সহজেই বাড়িতে বানানো যায় তারও একটা বিবরণ দেন বিজ্ঞানীরা।
সেমিনারের শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে আইইউসিএএ-র হাতে তুলে দেওয়া হয় স্মারক।