
শেষ আপডেট: 4 August 2022 14:56
দ্য ওয়াল ব্যুরো: বাস, ট্রাম, লঞ্চ, একটি কার্ডেই সব! বহুদিন ধরেই পরিকল্পনা ছিল। এবার তা বাস্তবায়িত করার ভাবনা–চিন্তা শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (Kolkata Public Transport)। ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি, যা চালু হয়ে গেলে সরকারি বাস, ট্রাম থেকে ফেরি—একটি কার্ডেই মেটানো যাবে ভাড়া। এই কার্ডের আওতায় আনার জন্য রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
পরিবহণ দফতর সূত্রে খবর, এক্ষেত্রে মেট্রোর স্মার্ট কার্ডের মতোই একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে বাস, ট্রাম এবং ফেরিতে উঠলে মেট্রোর মতোই কার্ডে থাকা ব্যালান্স থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে। ফলে লাইন দিয়ে টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন যাত্রীরা। যেকারণে ফেরিঘাটগুলোতেও বসানো হবে স্মার্ট কার্ড গেট (Kolkata Public Transport)।
উল্লেখ্য, ইউরোপের বহু শহরে এক কার্ডেই সব গণ পরিবহণে চড়া যায়। কাটা যায় ফ্যামিলি টিকিটও। যার সুবিধা হল, ট্রেন, ট্রাম, বাস সবকিছুতেই সারাদিন যতবার খুশি ব্যবহার করতে পারেন যাত্রীরা। কলকাতাতেও (Kolkata Public Transport) ওই ব্যবস্থা চালু হলে নিত্যযাত্রীদের সবকিছুর জন্য বার বার টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন।
ইতিমধ্যেই কলকাতার গণপরিবহণে (Kolkata Public Transport) ইলেকট্রিক যানের ওপর জোর দেওয়া হচ্ছে। ফেরিগুলিও ইলেকট্রিক করার ভাবনা–চিন্তা চলছে। এতে জলদূষণও কমবে। কারণ লঞ্চের ডিজেল জলে পড়ে গঙ্গাদূষণ হয়। পাশাপাশি আগামী দিনে রাজ্যে আরও নতুন বেশ কিছু আরটিও অফিস এবং জাতীয় ও আন্তর্জাতিক চেকপোস্ট তৈরি করা হবে বলেও পরিবহণ দফতর সূত্রে জানা গেছে।