
শেষ আপডেট: 15 September 2023 13:17
দ্য ওয়াল ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির (Leaps and Bounds) ১৬টি ফাইল (16 file) নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির এক কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার। এই ১৬টি এক্সেল ফাইলে কী আছে, সেটাই জানার চেষ্টা চলছে। এই ফাইল নিয়ে ইডি-র রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার হাইকোর্টে পেশ করা রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠে গেল।
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি গোয়েন্দারা। সেই সময়ে অভিষেকের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন মিথিলেশ কুমার মিশ্র নামে এক ইডি আধিকারিক এই ঘটনা নিয়েই লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট।
ইডির বক্তব্য, ওই অফিসার নিজের মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন। সেই সময় এই ফাইলগুলি ডাউনলোড হয়ে যায়। কিন্তু ইডির বক্তব্যে সন্তুষ্ট নয় লালবাজার। হাইকোর্ট, এই ফাইলগুলি কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেয়। ফরেন্সিক রিপোর্ট জমা পড়ার পরই, তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার সিএফএসএল আদালতে ওই বিতর্কিত ১৬টি ফাইল নিয়ে তাদের রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে লালবাজারও নিজেদের বক্তব্য জানিয়ে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই দাবি করা হয়, ১৬টি ফাইলে যে হস্টেলের কথা বলা হচ্ছে সে সবগুলিই ছেলেদের।
এদিকে, বৃহস্পতিবার হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেছিল ইডি।এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানান, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় পুলিশ এখনই ইডির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। সেইসঙ্গে ইডিকে ওই কোম্পানির ডিরেক্টর ও সিইওদের সম্পত্তির পরিমাণ আদালতে জানানোর নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন: বাংলায় শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে স্পেনের বাণিজ্য মঞ্চে বিনিয়োগ টানার চেষ্টায় মমতা