কালীপুজো ও ছট পুজোয় নির্দিষ্ট সময়েই বাজি! আদালতের নির্দেশ মেনে ‘গ্রিন বাজি’ পোড়াতে অনুমতি দিল কলকাতা পুলিশ। সময়সীমা ভাঙলে হবে আইনি ব্যবস্থা।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 17 October 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র অনুমোদিত ‘গ্রিন ক্র্যাকার্স’ বা পরিবেশবান্ধব বাজিই পোড়ানো যাবে। তাও নির্দিষ্ট সময়সীমার (firecrackers timing) মধ্যে।
কখন বাজি পোড়ানো যাবে?
কালীপুজো ও দীপাবলিতে (২০ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি থাকবে।
ছট পুজোতে (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।
এই সময়ের বাইরে বাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
আদালতের নির্দেশ ও দূষণ নিয়ন্ত্রণ
বাড়ি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এই আদেশ জারি করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞপ্তিতেও স্পষ্ট বলা হয়েছে—শুধু সবুজ বাজিই অনুমোদিত। দূষণ রোধে বাজির ব্যবহারে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, এই নির্দেশ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে নির্দেশিকা কার্যকর হয়। এই বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের গেজেট, সংবাদমাধ্যম এবং বিভিন্ন থানার নোটিস বোর্ডে প্রকাশ করা হবে।
কী কী নিষিদ্ধ
অনুমোদনহীন বা দূষণ সৃষ্টিকারী বাজি
নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো
উচ্চ শব্দের বাজি ব্যবহার
দীপাবলি ও ছট পুজোতে শহরে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের আবেদন, উৎসবের আনন্দে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে সবাইকে দায়িত্বশীলভাবে উদযাপন করতে হবে।