
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 October 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: শহরে গাড়ি পার্কিং নিয়ে মাথাব্যথার শেষ নেই। গাড়ি রাখতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় কলকাতাবাসীকে। এবার সেই ঝঞ্ঝাট থেকে মিলতে চলেছে মুক্তি। এক ক্লিকেই এবার ফাস্ট্যাগ ব্যবহার করেই দেওয়া যাবে পার্কিং ফি। কলকাতায় এমন উদ্যোগ এই প্রথম।
হাওড়া স্টেশনে এই পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলেও ধীরে ধীরে শহরের বিভিন্ন প্রান্তে তা চালু হবে বলে খবর। সুপার অ্যাপটির নাম পার্ক প্লাস। সংস্থার তরফে জানানো হয়েছে, সাধারণ গাড়ির পাশাপাশি এবার বাণিজ্যিক গাড়িগুলিও এই পদ্ধতি ব্যবহার করে হাওড়া স্টেশনের পার্কিং লটে সহজেই পার্কিং ফি দিতে পারবেন।
কীভাবে ব্যবহার করা যাবে অ্যাপ?
প্রথমেই স্মার্টফোনে পার্ক প্লাস অ্যাপটি ডাউনলোড করতে হবে।
অ্যাপে চোখ রাখলেই কোথায় পার্কিং স্পট আছে, সেই স্পট সামনে চলে আসবে।
পছন্দমতো জায়গা খুঁজে বের করে পার্কিং স্পটের জন্য নির্ধারিত টাকা মিটিয়ে দিন।
কী সুবিধা মিলবে অ্যাপে?
• অনলাইনে খোঁজ নিয়ে চালানের বকেয়া টাকা সহজেই মেটান।
• অ্যাপ ব্যবহার করে কম দামে কিনতে পারেন পেট্রোলও ডিজেল। সারা দেশের ইন্ডিয়ান অয়েলের যে কোনও পেট্রোল পাম্পে এই সুবিধা মিলবে।
• কোনওরকম ফি না দিয়েই ফাস্ট্যাগ কেনা এবং তা রিচার্জ করতে পারবেন।
• টেস্ট ড্রাইভের জন্যও আপনার পছন্দের গাড়ি বুক করতে পারবেন, এমনকী দরকারে কম খরচে গাড়ি কেনার ঋণও মিলবে।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও অমিত লাখোটিয়া জানিয়েছেন, মালিকদের গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতেই এমন উদ্যোগ। হাওড়া পুলিশের সহযোগিতায় এই অ্যাপ নিয়ে আসা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, আমাদের কাজ প্রথমেই একটা নিরাপদ পার্কিং স্পট খুঁজে বের করতে হবে এবং সেটিকে দ্রুত ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। পাশাপাশি স্মার্ট পার্কিং পরিষেবাকে আগামী ৩-৪ মাসে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়াই সংস্থার লক্ষ্য বলে জানিয়েছেন অমিত।