
শেষ আপডেট: 28 May 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: মাসকয়েক আগের কথা। কলকাতা শহরে পার্কিং ফি বাড়ানো (Kolkata parking fees hike) নিয়ে সরকারের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। মেয়র ফিরহাদ হাকিম ফি বাড়ানোর কথা ঘোষণা করলেও তা শহরবাসীর উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সেই ঘোষণা বাতিল করে দেন তিনি। এবার ফের সেই পার্কিং ফি বাড়ানো নিয়ে নতুন খসড়া তৈরি করল কলকাতা পুরসভা।

ওই খসড়ায় বলা হয়েছে, বর্তমানে সরকারিভাবে যে পার্কিং ফি চালু রয়েছে, তা সম্ভবত বাড়িয়ে দ্বিগুণ করা হবে। এই সংক্রান্ত একটি ফাইলও জমা পড়েছে মেয়রের অফিসে। এবার মেয়র ফিরহাদ হাকিম সেই খসড়ায় সম্মতি দিলে নবান্নে ফি বাড়ানোর প্রস্তাব যাবে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললে তবেই শহরে লাগু হয়ে যাবে বর্ধিত পার্কিং ফি।
বর্তমানে বাইক বা দু’চাকার গাড়ির ক্ষেত্রে ঘণ্টায় ৫ টাকা পার্কিং ফি নেওয়া হয়। অন্যদিকে চারচাকা গাড়ির জন্য নেওয়া হয় ১০ টাকা। এবার সেই ফি-ই যথাক্রমে ১০ টাকা ও ২০ টাকা করার প্রস্তাব দিয়েছে পুরসভার পার্কিং বিভাগ। জানা গিয়েছে, ফিরহাদ হাকিম এই মামলায় সম্মতি দিলে নবান্নে তা পাঠানো হবে। এর পাশাপাশি সেখানে দেশের প্রথম সারির কয়েকটি শহরের পার্কিং ফি'র তালিকাও দেওয়া হবে।
গত ১ এপ্রিল থেকে বর্ধিত পার্কিং ফি চালু করেছিল পুরসভা। প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছিল পার্কিংয়ের খরচ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিকদের ডেকে সেই বর্ধিত ফি বাতিল করে দেয়। ঘটনার পর মুখে কুলুপ এঁটেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিকে পার্কিং বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, গত ১২ বছর ধরে শহরে পার্কিং ফি বাড়েনি। এবার ফের বর্ধিত ফি'র খসড়া হাতে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন, সেটাই দেখার।
লালবাজারের মিমে ঢুকে পড়লেন নবীন! আফগান তারকার সেলিব্রেশনই সচেতনতার হাতিয়ার