'ঘন মেঘ বলে ঋ...' বৃষ্টি ভেজা দিনে সহজ পাঠের স্মৃতি হাতড়াচ্ছে নেটপাড়া
দ্য ওয়াল ব্যুরো: "ঘন মেঘ বলে ঋ, দিন বড়ো বিশ্রী"।
বিশ শতকের কলকাতায় (Kolkata) বসে কোনও এক বর্ষার দুপুর দেখেই হয়তো এমন লাইন লিখেছিলেন রবি ঠাকুর (Rabindranath Tagore)। ছোটদের প্রাইমার রচনা করতে গিয়ে "ঋ"-এর মুখে দিব্যি বসিয়ে দিয়েছিলেন সেই লা
শেষ আপডেট: 29 September 2021 09:59
দ্য ওয়াল ব্যুরো: "ঘন মেঘ বলে ঋ, দিন বড়ো বিশ্রী"।
বিশ শতকের কলকাতায় (Kolkata) বসে কোনও এক বর্ষার দুপুর দেখেই হয়তো এমন লাইন লিখেছিলেন রবি ঠাকুর (Rabindranath Tagore)। ছোটদের প্রাইমার রচনা করতে গিয়ে "ঋ"-এর মুখে দিব্যি বসিয়ে দিয়েছিলেন সেই লাইন। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষবেলায় সহজ পাঠের (Sahaj Path) সেই লাইন উস্কে দিচ্ছে ছোটবেলার নস্টালজিয়া। সোশ্যাল মিডিয়া (Social media) জুড়ে ঘুরে বেড়াচ্ছে 'সহজ পাঠ'-এর "ঋ"।
প্রথম পাতায় মোদী-বন্দনার ছবি ভুয়ো, বিবৃতি খোদ নিউ ইয়র্ক টাইমসের, মুখ পুড়ল বিজেপির
নিম্নচাপের বৃষ্টিতে বুধবার সকাল থেকে নাজেহাল তিলোত্তমা। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্য দেখা দেয়নি এক সেকেন্ডের জন্যেও। এমন বৃষ্টি ভেজা দিনের জন্যেই রবি ঠাকুরের "ঋ" বিরক্ত হয়ে উঠছিল। বলে উঠেছিল, দিন বড় বিশ্রী। তাই আজকের এই দিনের এই আবহাওয়ার সঙ্গে সকলেই সহজ পাঠের সেই লাইনের মিল খুঁজে পাচ্ছেন।
দুর্যোগের দিনে আর পাঁচটা সাধারণ দিনের চেয়ে কাজের ব্যস্ততা কম। তাই নেটিজেনদের হাতে এসেছে এক টুকরো অখণ্ড অবসর। আর তাই সোশ্যাল মিডিয়াকেই সম্বল করে অলস দিন কাটাচ্ছেন শহুরে নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে ঘুরছে সহজ পাঠেই সেই দুই লাইন। সকলেই এই সুযোগে ছেলেবেলার স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন প্রাণপণে।
অবশ্য শুধু "ঋ"-এর মুখের বাণী নয়, সহজ পাঠের প্রথম আর দ্বিতীয় খণ্ড জুড়ে এমন বিশ্রী দিনের নমুনা আরও অনেকবার রয়েছে। উস্রি নদীর ঝরনা দেখতে যাওয়ার সেই 'বিশ্রী' দিন কিংবা আর্মানি গির্জের কাছের আপিসে যাওয়ার সেই 'মুশকিল' দিন, বুধবারের আবহাওয়া সব নস্টালজিয়াই উস্কে দিচ্ছে। সহজ পাঠে বুঁদ হয়ে আছে নেটপাড়া।
আলিপুরের হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী এখনই এই নিম্নচাপের বৃষ্টি থেকে রেহাই মিলছে না। ফলে আগামী আরও কয়েকদিন রবি ঠাকুরের সহজ পাঠের 'বিশ্রী' দিন স্মরণ করতে পারবেন শহরবাসী, তেমনটাই জানান দিচ্ছে আবহাওয়া।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'