
শেষ আপডেট: 29 July 2023 08:42
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা (Kolkata Municipal)। হাসপাতাল ক্যাম্পাসে জমা জল থাকার কারণে এসএসকেএম কর্তৃপক্ষকে নোটিস ধরাল পুরসভা। ডেঙ্গি মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত আগেই দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার সেটাই হাতেকলমে করলেন পুরকর্মীরা।
বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি মোকাবিলায় পুরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফে আগেই সচেতনতামূলক প্রচার করা হয়েছে। বাড়ি কিংবা অফিস, আশেপাশে কোথাও যাতে জল জমা না থাকে সেই বিষয়ে সতর্ক করেছেন পুরকর্মীরা। তারপরেও বহু এলাকায় থেকে যাচ্ছে জমা জল। আর সেই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা। সেকারণে ডেঙ্গির বাড়বাড়ন্ত সামনে আসতেই শহরজুড়ে অভিযানে নামে কলকাতা পুরসভার কর্মীরা।
সেই সূত্রেই সম্প্রতি কোল ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে তাঁরা দেখেন জল জমা রয়েছে। এমনকী সেই জলে ডেঙ্গির লার্ভাও দেখতে পান পুরকর্মীরা। যে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এবার সেই তালিকায় ঢুকে পড়ল এসএসকেএমও। সম্প্রতি এসএসকেএমে গিয়ে জমা জলে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।
চলতি মরসুমে এখনও পর্যন্ত রাজ্যে ৮ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির জন্য মানুষের সচেতনতাকে দায়ী করে ডেপুটি মেয়র বলেন, আমরা সারাবছর মানুষকে সজাগ করার জন্য একাধিক কর্মসূচি নিই। তাও সচেতনতার অভাব রয়েছে। একটি শিশু ডেঙ্গিতে মারা গেছে। তার বাড়ি গিয়ে আমরা লার্ভা পেয়েছি। শহরে ২২২ বর্গ কিলোমিটার এলাকা। আর আপনারা রোজ বলেন শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। কিন্তু যারা মারা যাচ্ছে, তারা কেউই তো এই শহরের লোক নয়। তিনি আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। তার মৃত্যু ঘটেছে।
তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে জরিমানার মতো কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অতীনের কথায়, “কিছুতেই মানুষের সচেতনতা বাড়ানো যাচ্ছে না। বিদেশে গিয়ে দেখেছি, সেখানে আইন খুব কড়া। কড়া আইন না হলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না।”
ইতিমধ্যে জমা জলের কারণে ৫ হাজার নোটিস ইস্যু করেছে পুরসভা। মামলা হয়েছে ৯০ টা। তার মধ্যে পাঁচটা মামলায় এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করেছে পুরসভা। বাকি ৪৯৫টি ক্ষেত্রে নোটিস ইস্যু করেছে পুরসভা। বাড়ির মালিককে খুঁজে না পাওয়া গেলে পুরসভা সেই বাড়ির জমা জল ও লার্ভা পরিষ্কার করবে ঠিকই, তবে মালিকের ট্যাক্সের বিলে যোগ করে দেওয়া হবে জরিমানার অর্থ। অর্থাৎ নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে।
আরও পড়ুন: মমতা অপরাধীদের আশ্রয় দেন! কলকাতায় পা দিয়েই বিস্ফোরক অনুরাগ ঠাকুর