
শেষ আপডেট: 29 August 2022 06:42
দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। কেনাকাটার ঢল শুরু হয়েছে। কিন্তু নিউমার্কেটের বেহাল দশা। অভিযোগ, বৃষ্টি হলে জল জমছে বাজারে। পুজোর মুখে সমস্যায় পড়ছেন ক্রেতা–বিক্রেতারা। সমস্যা মেটাতে হগ মার্কেট–সহ নিউমার্কেট চত্বরের সংস্কারে ৮০ লক্ষ টাকা বরাদ্দ করল (Kolkata Municipal Corporation) কলকাতা পুরসভা। শতাব্দীপ্রাচীন বাজারটির সবথেকে বড় সমস্যা নিকাশি। ছাদের অবস্থাও ঠিক নেই। পুজোর আগেই যা মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবারের ভারী বৃষ্টিতে বাজারের বেশকিছু অংশে জল জমেছে। বিক্রেতাদের অভিযোগ, বাজারের বেশিরভাগ অংশেই পরিকাঠামোর অভাব। যার প্রভাব পড়ছে পুজোর বাজারে। বহুবার কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) আবেদন করার পর সংস্কারের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে।
বাজারটি পুজোর আগে অগ্রাধিকারের ভিত্তিতে ঠিক করতে পুরসভার (Kolkata Municipal Corporation) বাজার বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা নিউমার্কেটের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন। সেখানেই সংস্কার শুরুর দিনক্ষণ ঠিক হবে।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বাজার) জানিয়েছেন, দ্রত সংস্কারের কাজ শুরু হবে। টাকা বরাদ্দ হয়ে গেছে। সংস্কারের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে, তা চূড়ান্ত হওয়ার পরই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। পুরসভার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বাজারের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। বিক্রেতাদের সঙ্গেও আলোচনা করা হবে।
নিউ মার্কেটে প্রায় ২ হাজার ৮০০টি দোকান রয়েছে। যেগুলি বহুবছর সংস্কার হয়নি। বিক্রেতাদের অনেকের অভিযোগ, কলকাতা পুরসভার ৪৬টি বাজারের মধ্যে সবথেকে বেশি রাজস্ব ওঠে নিউমার্কেট থেকে। তা সত্ত্বেও বাজার সংস্কারে এতদিন উদাসিন ছিল পুরসভা। বিক্রেতাদের আরও অভিযোগ, গত অর্থিক বছরে কলকাতা পুরসভাকে নিউমার্কেট মোট ২৮ কোটি টাকা ভাড়া দিয়েছে। কিন্তু বাজারের পরিকাঠামো উন্নয়নে কোনও সাহায্য মেলেনি। বৃষ্টিতে ভাসছে বাজার।
হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উদশ শ জানিয়েছেন, গত শনিবার তুমুল বৃষ্টিতে ১৮ নম্বর গেটের সামনের নর্দমা দিয়ে জল যাচ্ছিল না। ফলে জল জমতে থাকে রাত পর্যন্ত জল জমে ছিল। আটটি ব্লকে ছাদ চুঁইয়ে জল পড়েছে। ছাদের জলও নামছে না। ১৪টি শৌচাগারের কোনও সংস্কার হয়নি। পুরসভা সূত্রে জানা গেছে, ছাদ সংস্কারের কাজ শুরু হয়েও বন্ধ হয়েছিল।
প্রয়াত ‘জন-অরণ্য’-এর ‘সোমনাথ’! ফুসফুসের সংক্রমণে চলে গেলেন প্রদীপ মুখোপাধ্যায়