
শেষ আপডেট: 11 June 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: ফের মেট্রো বিভ্রাট শহরে। এবার ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল দেখা গেল। যার জেরে রবিবার বিকেল থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। ব্যাহত হয়েছে পরিষেবা।
রবিবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আচমকাই ময়দান স্টেশনের ডাউন লাইনে ফাটল দেখতে পান মেট্রোকর্মীরা। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই লাইনের পরিষেবা।
জানা গেছে, এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যদিও টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে।
দিন কয়েক আগেই নোয়াপাড়া মেট্রো স্টেশনে এক যুগলের ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
এর আগেও একাধিকবার নানা কারণে মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে। রবিবার ছুটির দিনে পরিষেবা ব্যাঘাত ঘটায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব, ফাটল সারিয়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হবে।
ট্রেনের সামনে শুয়ে পড়লেন এক ব্যক্তি! পলকে ছুটে এলেন মহিলা কনস্টেবল, কান ঘেঁষে বাঁচালেন প্রাণ