
শেষ আপডেট: 9 September 2023 06:19
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সাতসকলেই যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর তাতেই চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। সকাল ১১টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনের মেট্রো চলাচল চালু হয়। কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল হন অফিস যাত্রীরা। বাস-ক্যাবের দেখা নেই। এলেও সব বাসে বাদুড়ঝোলা ভিড়। ক্যাব বুক করলেও তা আসতে চাইছে না। এমনকী অটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা মানুষের। টালিগঞ্জ থেকে কালীঘাট আসতে অটো ভাড়া কমপক্ষে ৫০ টাকা চাইছে। কেউ কেউ ৬০-৭০ টাকাও চেয়ে বসছে। অনেকে অগত্যা উপায় না দেখে সেই ভাড়া দিয়েই যাতায়াত করছেন।
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীর কথায়, 'আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। বাস আসছেই না। দুটো বাস এল, তাতে এত ভিড় উঠতেই পারলাম না। কখন অফিস পৌঁছব জানি না।' অন্য এক যাত্রীর কথায়, 'অটোতে যাব তারও উপায় নেই। এত ভাড়া চাইছে।'
সব মিলিয়ে, অফিস টাইমে যাত্রীরা সমস্যায় পড়েছেন। গত বৃহস্পতিবার সকালে হঠাৎই গিরিশ পার্ক স্টেশনের কাছে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। অফিসটাইমে, সকাল ১০টার কিছু আগে লাইনে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তাঁকে অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয়। সেই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। যদিও মাত্র কুড়ি মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। কিন্তু এদিন তিন ঘণ্টা পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।
আরও পড়ুন: সাতসকালে মেট্রো-বিভ্রাট! পরিষেবা বন্ধ বেশ কয়েকটি স্টেশনে, তুমুল ভোগান্তিতে যাত্রীরা