
শেষ আপডেট: 25 April 2022 13:57
দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরম। টানা ৫৫ দিন বৃষ্টি হয়নি কলকাতায়। তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই করছে। এর মাঝে কলকাতায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। কাঠফাটা এই রোদের মধ্যে যাঁদের বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, যাঁদের কাজ করা ছাড়া উপায় নেই তাঁদের কথা ভেবে মানবিক উদ্যোগ নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। স্টেশনে স্টেশনে গ্লুকোজ জল বিলি করা হল।

আরও পড়ুন: সিলিং ফ্যান কিনবেন? জেনে নিন কী কী বিষয় মাথায় রাখবেন
এই গরমে শরীর ঠান্ডা রাখতে যাত্রীদের গ্লুকোজ জল দেওয়া হয়েছে মেট্রো স্টেশনে (Kolkata Metro)। সোমবার শহরের একাধিক স্টেশনে এই ছবি দেখা গেছে। কবি সুভাষ, শহিদ ক্ষুদিরাম, কবি নজরুল, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি স্টেশনে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত স্টেশনে বসানো হয়েছে গ্লুকোজ ওয়াটার ভেন্ডিং কিয়স্ক।

দেখা যায় স্টেশনে দাঁড়িয়ে প্রাণ ভরে গ্লুকোজ ওয়াটার খাচ্ছেন যাত্রীরা। তীব্র গরমে এইটুকু তৃপ্তিতেই মন ভরে গেছে সকলের। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে গরমের এই দিনগুলোতে প্রতি স্টেশনেই গ্লুকোজ ওয়াটার এবং প্যাকেজড পানীয় জল যাত্রীদের দেওয়া হচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মেট্রোরেল এই উদ্যোগ নিয়েছে।