
শেষ আপডেট: 14 December 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের মাঝে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর আপ লাইনে বরানগর এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তারপরেই দমদমের পরের তিনটি স্টেশনে পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। ব্যস্ত দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টো বেজে ৫ মিনিট নাগাদ বরানগর এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে থার্ড লাইনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই ওই লাইনে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর শুরু হয়েছে সমস্যা চিহ্নিতকরণের কাজ। আর তার জন্যই দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। ত্রুটি মেরামতের পর ফের পরিষেবার স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।
যদিও লাইনের বাকি অংশে স্বাভাবিকভাবেই যাতায়াত করছে মেট্রো রেল। দমদম থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।
এর ঠিক ১ সপ্তাহ আগে, গত ৭ ডিসেম্বর কলকাতা মেট্রোর রবীন্দ্র সদন স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সেই ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। তার আগে ৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট স্টেশনের ট্রাকশনে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় এক ঘণ্টারও বেশি সময় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। তারপর পরিষেবা শুরু হলেও মেট্রো চলছিল অত্যন্ত ধীর গতিতে। অফিস টাইমে এমন ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। তারপর আজ বৃহস্পতিবার ফের যান্ত্রিক গোলযোগের কারণে রুটের একটি অংশে বন্ধ করে দেওয়া হল পরিষেবা।